

ঋত্মিক কুমার ঘটক
ঋত্বিক ঘটক ছিলেন চলচ্চিত্র পরিচালক, লেখক ও শিল্পচিন্তক।
জীবনী
ঋত্বিক কুমার ঘটক (৪ নভেম্বর ১৯২৫ – ৬ ফেব্রুয়ারি ১৯৭৬) ছিলেন ভারতীয় বাংলা চলচ্চিত্রের অন্যতম শ্রেষ্ঠ পরিচালক, চিত্রনাট্যকার, নাট্যকার এবং সাহিত্যিক। বর্তমান বাংলাদেশের ঢাকায় জন্মগ্রহণকারী এই কিংবদন্তি শিল্পী দেশভাগের অভিজ্ঞতা, মানুষের সংগ্রাম, বাস্তুচ্যুতি এবং সামাজিক বৈষম্যকে তাঁর শিল্পকর্মের প্রধান বিষয় হিসেবে তুলে ধরেছেন।
চলচ্চিত্রের পাশাপাশি তিনি নাটক, ছোটগল্প এবং প্রবন্ধ রচনাতেও সমান দক্ষ ছিলেন। ভারতীয় গণনাট্য সংঘ (আইপিটিএ)-এর সঙ্গে যুক্ত থেকে তিনি প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর নির্মাণশৈলীতে সাহিত্য, সংগীত, লোকসংস্কৃতি এবং রাজনৈতিক বাস্তবতার এক অনন্য সমন্বয় দেখা যায়।
'মেঘে ঢাকা তারা', 'কোমল গান্ধার', 'সুবর্ণরেখা', 'তিতাস একটি নদীর নাম' এবং 'যুক্তি তক্কো আর গপ্পো' তাঁর সবচেয়ে উল্লেখযোগ্য চলচ্চিত্র। এই চলচ্চিত্রগুলো দেশভাগ, মানুষের বেদনা, পরিচয়ের সংকট এবং মানবিক মূল্যবোধের গভীর প্রকাশের জন্য বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে বিশেষ স্থান অধিকার করে আছে।
জীবদ্দশায় তিনি যথাযথ স্বীকৃতি না পেলেও মৃত্যুর পর তাঁর কাজ আন্তর্জাতিকভাবে ব্যাপক প্রশংসা অর্জন করে। আজ ঋত্বিক কুমার ঘটক বিশ্ব চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী নির্মাতা এবং বাংলা সংস্কৃতির এক চিরস্মরণীয় ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত হন।
